গোপীনাথ মম নিবেদন শুন Lyrics
Gopinath Mama Nivedana Suno Lyrics
গোপীনাথ মম নিবেদন শুন Lyrics
(১)
গোপীনাথ মম নিবেদন শুন ।
বিষয়ী দুর্জ্জন সদা কামরত
কিছু নাহি মোর গুণ ॥
গোপীনাথ, আমার ভরসা তুমি ।
তোমার চরণে লইনু শরণ
তোমার কিঙ্কর আমি ॥
গোপীনাথ, কেমনে শোধিবে মোরে ।
না জানি ভকতি কর্ম্মে জড়মতি
পড়েছি সংসার ঘোরে ॥
গোপীনাথ, সকল তোমার মায়া ।
নাহি মম বল জ্ঞান সুনির্ম্মল
স্বাধীন নহে এ কায়া ॥
গোপীনাথ, নিয়ত চরণে স্থান ।
মাগে এ পামর কাঁদিয়া কাঁদিয়া
করহে করুণা দান ॥
গোপীনাথ, তুমি ত সকলি পার ।
দুর্জ্জনে তারিতে তোমার শকতি
কে আছে পাপীর আর ॥
গোপীনাথ, তুমি কৃপাপারাবার ।
জীবের কারণে আসিয়া প্রপঞ্চে
লীলা কৈলে সুবিস্তার ॥
গোপীনাথ, আমি কি দোষের দোষী ।
অসুর সকল পাইল চরণ
বিনোদ থাকিল বসি ॥
(২)
গোপীনাথ, ঘুচাও সংসার জ্বালা ।
অবিদ্যা যাতনা আর নাহি সহে
জনম মরণ-মালা ॥
গোপীনাথ, আমি ত কামের দাস ।
বিষয়-বাসনা জাগিছে হৃদয়ে
ফাঁদিছে করম ফাঁস ॥
গোপীনাথ, কবে বা জাগিব আমি ।
কামরূপ অরি দূরে তেয়াগিব
হৃদয়ে স্ফুরিবে তুমি ॥
গোপীনাথ, আমি ত’ তোমার জন ।
তোমারে ছাড়িয়া সংসার ভজিনু
ভুলিয়া আপন ধন ॥
গোপীনাথ, তুমি ত’ সকলি জান ।
আপনার জনে দণ্ডিয়া এখন
শ্রীচরণে দেহ স্থান ॥
গোপীনাথ, এই কি বিচার তব ।
বিমুখ দেখিয়া ছাড় নিজ-জনে
না কর করুণা-লব ॥
গোপীনাথ, আমি ত’ মূরখ অতি ।
কিসে ভাল হয় কভু না বুঝিনু
তাই হেন মম গতি ॥
গোপীনাথ, তুমি ত’ পণ্ডিতবর ।
মুঢ়ের মঙ্গল সদা অন্বেষিবে
এ সাদে না ভাব পর ॥
(৩)
গোপীনাথ, আমার উপায় নাই ।
তুমি কৃপা করি আমারে লইলে
সংসারে উদ্ধার পাই ॥
গোপীনাথ, পড়েছি মায়ার ফেরে ।
ধন, দারা সুত ঘিরেছে আমারে
কামেতে রেখেছে জেরে ॥
গোপীনাথ, মন যে পাগল মোর ।
না মানে শাসন সদা অচেতন
বিষয়ে রয়েছে ভোর ॥
গোপীনাথ, হার যে মেনেছি আমি ।
অনেক যতন হইল বিফল
এখন ভরসা তুমি ॥
গোপীনাথ, কেমনে হইবে গতি ।
প্রবল ইন্দ্রিয়- বশীভূত মন
না ছাড়ে বিষয়-রতি ॥
গোপীনাথ, হৃদয়ে বসিয়া মোর ।
মনকে শমিয়া লহ নিজ-পানে
ঘুচিবে বিপদ ঘোর ॥
গোপীনাথ, অনাথ দেখিয়া মোরে ।
তুমি হৃষিকেশ হৃষীক দমিয়া
তার’ হে সংসৃতি ঘোরে ॥
গোপীনাথ, গলায় লেগেছে ফাঁস ।
কৃপা-অসি ধরি বন্ধন ছেদিয়া
বিনোদে করহ দাস ॥